অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও সিলবিহীন ওজনযন্ত্র ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও ও মালিবাগে ছয়টি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা এবং সাতটি মামলা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ভ্যানসহ শতাধিক লেবেলহীন খাওয়ার পানির জার জব্দ ও ধ্বংস করেছে বিএসটিআই কর্তৃপক্ষ। গতকাল বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলগাঁও ও মালিবাগের ওই প্রতিষ্ঠানগুলো হচ্ছে: তালতলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ব্ল্যাকবেরি চায়নিজ রেস্টুরেন্ট, বাঘাবাতী স্পেশাল কোম্পানি লিমিটেড, গ্রিন ক্যাসেল থাই অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্ট, বিগ বাজার ও হাজীপাড়া ফিলিং স্টেশন। প্রথম পাঁচটি প্রতিষ্ঠান ঢাকনাবিহীন খাবার পরিবেশন, সিলবিহীন ওজনযন্ত্র ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের মতো অনিয়ম করছিল। অপর দিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ ট্যাংকলরি ও ভূগর্ভস্থ সংরক্ষণ ট্যাংক ব্যবহার করছিল। অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান, নয়টি ভ্যানসহ শতাধিক লেবেলহীন খাওয়ার পানির জার জব্দ করেন। পরে তা ধ্বংস করা হয়। এভারেস্ট ড্রিংকস অ্যান্ড ডেইরি প্রোডাক্টস, ফিউচার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিভা ড্রিংকিং ওয়াটার ও বাশার ভাই ট্রেড ইন্ডাস্ট্রি ও মা ফুড নামের চারটি প্রতিষ্ঠান ও ১০ ব্যবসায়ী এর সঙ্গে জড়িত। ওই ব্যবসায়ীরা হলেন: রুবেল মিয়া, সেলিম হোসেন, মো. রিপন, মো. দেলোয়ার, মো. মোস্তফা, মো. মোবারক, সিরাজ মিয়া, ওবায়দুল রহমান, মো. আলমগীর ও দিপু মিয়া। প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।