ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম নামে ১২ বছরের এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। শফিকুল যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। পুলিশ ও ছাত্রটির পারিবারিক সূত্র জানায়, শফিকুল তার মা-বাবার সঙ্গে উত্তর যাত্রাবাড়ীর নূরুল ইসলামের বাড়ির ছয়তলার ছাদে ভাড়া থাকত। গতকাল সকালে শফিকুল স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় পাশের বাড়ির ছাদে যাওয়ার চেষ্টা করে। তখন শফিকুল দুই বাড়ির ফাঁকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সংকটজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শফিকুলের মা মনসুরা বেগম অন্যের বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালান। তাঁর স্বামী আবদুল আউয়াল শারীরিকভাবে অসুস্থ। শফিকুল দুই বোন এক ভাইয়ের মধ্যে বড়। প্রতিদিন শফিকুলকে স্কুলে পৌঁছে দিয়ে মনসুরা বেগম কাজে বের হন। গতকালও ছেলেকে সঙ্গে নিয়ে তিনি বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আশা ছিল, ছেলে বড় হয়ে তাঁদের দুর্দশা ঘোচাবে। ছেলেকে হারিয়ে মা মনসুরা বেগম কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছেন।যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে শফিকুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।