জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। গতকাল বুধবার সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিপুলসংখ্যক ছাত্র ও শিক্ষকের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে জেলা প্রশাসনের কার্যালয় হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে শেষ হয়। পরে বিজ্ঞান অনুষদ চত্বরের অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঁচ বছর শেষ করে ছয় বছরে পা দিচ্ছে। সরকারের সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে শিগগিরই কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগম, প্রক্টর কাজী আসাদুজ্জামান, শিক্ষক সরকার আলী আকক্াস, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে ভোটদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।