জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। ছয় বছর পেরিয়ে গতকাল সপ্তম বছরে পা রাখল শিক্ষাপ্রতিষ্ঠানটি। তৃতীয়বারের মতো এই দিবস উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এ সময় স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্যের নেতৃত্বে বিপুলসংখ্যক ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে একটি আনন্দ-শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮ বিভাগের ছাত্র-শিক্ষকেরা রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র ও ঘোড়ার গাড়ি নিয়ে অংশ নেন। শোভাযাত্রাটি রায়সাহেব বাজার ও বাহাদুরশাহ পার্ক এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেচে-গেয়ে, রং-চুমকি মেখে ও আতশবাজি ফুটিয়ে আনন্দোৎসব করেন। বিশ্ববিদ্যালয় শাখা উদীচীর সদস্যরা লাঠিখেলার আয়োজন করেন। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ-শোভাযাত্রার আয়োজন করে।