জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দিনের মধ্যে ফল প্রকাশসহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। বিক্ষোভ শেষে তাঁরা উপাচার্যকে একটি স্মারকলিপি দেন। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. ইমরান প্রথম আলোকে বলেন, ‘তিন মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় মাস শেষেও তা করতে পারেনি। তাদের খামখেয়ালির জন্য আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছি না।’ বিক্ষোভকারীরা ১০ দিনের মধ্যে সনদপত্র ও নম্বরপত্র প্রদান, অতিরিক্ত ফি নেওয়া বন্ধ এবং মাস্টার্সে ভর্তি ও ক্লাস শুরু করার দাবি জানান। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দ্রুত ফল প্রকাশ করার জন্য ইতিমধ্যে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কমিটি কাজ করছে। আশা করছি ১৫ দিনের মধ্যেই আমরা সব বিভাগের ফলাফল প্রকাশ করতে পারব।’‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। এর আগে পরীক্ষার্থীদের আপত্তির মুখে ভুল স্বীকার করে গত ২৫ ডিসেম্বর এই ইউনিটের ফলাফল বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গতকাল প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফলে আট হাজার ৫০৮ জন পরীক্ষার্থী প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন। সংশোধিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.jnuni.net) পাওয়া যাবে। গত ১৮ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৬৬টি আসনের বিপরীতে ২১ হাজার ৩৮ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিটি আসনের বিপরীতে এবার প্রতিযোগিতা করেন প্রায় ৫৮ জন শিক্ষার্থী।