জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ নিজেদের ডাকা লাগাতার কর্মবিরতি স্থগিত করছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ কে এম আক্তারুজ্জামান গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান।শিক্ষকদের বার্ষিক ‘বই ভাতা’ হ্রাস করার বিষয় নিয়ে গত রোববার কয়েকজন শিক্ষকের সঙ্গে উপপরিচালক (অর্থ ও হিসাব) সৈয়দ আহম্মদের বাগিবতণ্ডা হয়। এ ঘটনায় গত বুধবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তারই অংশ হিসেবে গতকাল ক্যাম্পাসে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে মৌন মিছিল করে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। মিছিল শেষে সমাবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা গত রোববারের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করার দাবি জানান। সে সঙ্গে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের আহ্বানে আলোচনায় বসেন কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।