জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ছাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মাহফুজুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে অর্থনীতি বিভাগের এক শিক্ষিকার ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সমাজকর্ম বিভাগের এক ছাত্রী সামান্য আহত হন। এতে ছাত্রলীগের সভাপতির পক্ষের কয়েকজন কর্মী ওই শিক্ষিকার গাড়ির গতিরোধ করেন। শিক্ষিকা গাড়ি থেকে নেমে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেন। কিন্তু ছাত্রলীগের কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে গাড়ি ভাঙচুর করতে উদ্যত হন। এ সময় পাশে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পক্ষের বেশ কয়েকজন কর্মী শিক্ষিকার পক্ষ নিলে উভয় পক্ষের মধ্যে কাথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সামনে ছাত্রলীগের উভয় পক্ষের কর্মীরা লাঠিসোঁটা, ইট ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের সেলিম, আজমল, হীরম্ব কুমার, নয়ন, রিয়েল, সুমন, তানভীর ও আলাউদ্দিন আহত হন। প্রক্টর কাজী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার পর এক জরুরি বৈঠকে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলেই চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’