জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৪২ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ (প্রথম সেমিস্টার) ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৪২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে। এই ইউনিটে প্রতি আসনের জন্য পরীক্ষা দেবেন ৫৪ জন শিক্ষার্থী। আগামী ২৯ থেকে অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২টায় ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এবারে চার ইউনিটে দুই হাজার ৬৩৫টি আসনের বিপরীতে মোট এক লাখ নয় হাজার ৫৯০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে। এই ইউনিটে ৬৬০টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৫৫৭টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে। এই ইউনিটে ৫৩৫টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬৮৪টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ৬৪৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৫০টি আবেদন পড়েছে এবং বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ৭৯৫ আসনের বিপরীতে ২১ হাজার ১৯৯টি আবেদন জমা পড়েছে। প্রসঙ্গত, আগামী ২৯ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হবে। এ ছাড়া ৫ নভেম্বর ‘ক’ ইউনিট, ২৬ নভেম্বর ‘গ’ ইউনিট, ৩ ডিসেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষার সময় ও আসন বিন্যাস শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।