জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার বর্ষবরণ অনুষ্ঠান
বৈশাখের চিরচেনা আবাহন সংগীত ‘এসো হে বৈশাখ, এসো এসো’ ও ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’র মতো মনমাতানো গান দিয়ে বাংলা নববর্ষকে বরণ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’ স্লোগান নিয়ে আয়োজিত হয় এবারের বর্ষবরণ অনুষ্ঠান।অনুষ্ঠানের অতিথিরা বলেন, বর্ষবরণের মাধ্যমে তরুণদের মধ্যে নতুন দিনের আলো ছড়িয়ে দিতে হবে। নতুন বছর বরণ করার সঙ্গে সঙ্গে বদলে দিতে হবে সমাজকে। স্থানীয় একটি বিষয় হিসেবে তাঁরা নতুন বছরে দূষণকবলিত বুড়িগঙ্গা নদীর উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাহিত্য পত্রিকা গোধূলির মোড়ক উন্মোচন করা হয়।প্রথম আলো বন্ধুসভা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিরিন আক্তার ও সাবেক সভাপতি শোভন সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর আবদুস সালাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন প্রমুখ।