জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. বখতিয়ার রানাকে ‘জামায়াতপন্থী’ শিক্ষক আখ্যায়িত করে তাঁকে অপসারণের দাবি জানিয়েছে ছাত্রলীগ। দাবি আদায়ে গতকাল মঙ্গলবার সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় মার্কেটিং বিভাগের ওই শিক্ষকের অপসারণ চেয়ে মিছিল বের করা হয়। পরে ভাস্কর্য চত্বরে এক সমাবেশে প্রশাসনকে পাঁচ দিনের মধ্যে তাঁকে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ ছাড়াও ছাত্রদল, ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা তাঁর অপসারণ দাবি করে বক্তব্য দেন। সমাবেশ শেষে তাঁর কুশপুতুল দাহ করা হয়। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ কমিটির এক বৈঠকে ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনের সহ-অবস্থান দাবি করে গণতন্ত্র চর্চার আহ্বান জানান ওই শিক্ষক। এর জের ধরে গত রোববার তাঁকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে শিক্ষক তাঁর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন।ছাত্রলীগের এক নেতা জানান, ঘটনার মীমাংসা হয়েছিল। কিন্তু সোমবার মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ক্যাম্পাসে মানববন্ধন করার প্রস্তুতি নিতে থাকেন। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন।