জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন তাঁর সহপাঠী রিফাত বিন সাত্তার। এমন অভিযোগ করে দোষীদের শাস্তি দাবি করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল রোববার ক্যাম্পাসে মানববন্ধন করেন তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ছাত্রলীগের কর্মীদের ছাত্রী উত্ত্যক্ত করা ও রিফাতের ওপর হামলার ঘটনায় দোষীদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তাঁরা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শেষে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, ঘটনার পর প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের এই আশ্বাস দেওয়ার পরও তাঁদের আন্দোলন রহস্যজনক।খোঁজ নিয়ে জানা যায়, গত নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বাসে যাওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় সহপাঠী রিফাত বিন সাত্তার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। তিনি একপর্যায়ে জামাল নামের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেন।এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার ছাত্রলীগের কয়েকজন কর্মী রিফাতকে পরীক্ষার কক্ষে ঢুকে মারধর করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। ওই দিনই রিফাতকে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের কর্মী তারিক বিন জোহা, মোস্তফা কামাল, জুবায়ের প্রিন্স, জামাল হোসাইন ও সোহাগ হোসেনকে সাময়িক বহিষ্কার করে।ঘটনা তদন্তে বাণিজ্য অনুষদের ডিন মোশাররাফ হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত শনিবার ওই ছাত্রী নারী নির্যাতন আইনে ছাত্রলীগের ১৬ কর্মীকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।