জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট
শ্রেণীকক্ষের সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাছতলায় ক্লাস করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা। পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও বৈদ্যুতিক পাখা না থাকায় বিভাগের ক্লাস ও পরীক্ষা ব্যাহত হচ্ছে। বাড়ছে সেশনজট।সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে (কাঁঠালতলায়) ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারের একটি কোর্সের ক্লাস নিচ্ছেন বিভাগের শিক্ষক সৌম্য সরকার। ক্লাসে উপস্থিত ছিলেন ৬০-৭০ জন শিক্ষার্থী। প্রায় এক ঘণ্টার ওই ক্লাসে অধিকাংশ শিক্ষার্থীকেই দাঁড়িয়ে ক্লাস করতে হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে প্রথম আলোকে বলেন, আটটি ব্যাচের জন্য বিভাগে শ্রেণীকক্ষ রয়েছে মাত্র তিনটি। শ্রেণীকক্ষের সংকটের কারণে বিভাগের ক্লাস ও পরীক্ষা ব্যাহত হচ্ছে। তা ছাড়া অনেক সময় সকাল নয়টায় একটি ক্লাস হলেও আরেকটি হয় বেলা দুইটায়। ফলে সময়ের অপচয়সহ নানা ভোগান্তির শিকার হন শিক্ষার্থীরা।তবে বিভাগের ওই কোর্সের শিক্ষক সৌম্য সরকার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘তাঁর মন চেয়েছে, তাই গাছতলায় ক্লাস নিয়েছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাই এ রকম।’ কাঁঠালতলায় দাঁড়িয়ে ক্লাস করে শিক্ষার্থীরা মজা পেয়েছেন বলে দাবি করেন ওই শিক্ষক।বিভাগীয় চেয়ারম্যান শাহিনুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বিভাগে পর্যাপ্ত শ্রেণীকক্ষ রয়েছে। শ্রেণীকক্ষের বৈদ্যুতিক পাখাগুলো নতুন করে লাগানোর প্রক্রিয়া চলছে।