জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে ৮ মাসেও ফল হয়নি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছিল গত বছরের আগস্ট মাসে। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা। কিন্তু আট মাস পার হলেও ফল প্রকাশ হয়নি।গতকাল রোববার সকালে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেন। পরে বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের ‘শিগগিরই ফল প্রকাশ করা হবে’ আশ্বাস দিয়ে শান্ত করার চেষ্টা করেন।বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, একই সঙ্গে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এখন চতুর্থ সেমিস্টারে পড়ছেন। কিন্তু শিক্ষকদের গাফিলতির জন্য আমরা এখনো দ্বিতীয় সেমিস্টারের ফল হাতে পাইনি। ২২ এপ্রিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ না হওয়ায় তা স্থগিত করা হয়েছে।বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ বলেন, ‘একটি বিষয়ের আটজন পরীক্ষার্থীর খাতা হারিয়ে যাওয়ায় বিপত্তি ঘটে। পরে ওই শিক্ষক বিষয়টি লিখিতভাবে জানালে বিভাগীয় পরীক্ষা কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে করণীয় জানতে চায়।’ মোহাম্মদ আবদুল অদুদ আরও জানান, প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর ২১ দিনের মধ্যে আমরা ফলাফল তৈরি করেছি। পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে ফলাফল পাঠানো হয়েছে।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিগগিরই ফল প্রকাশ করা হবে। তা ছাড়া খাতা হারানোর বিষয়ে যথাযথ তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।