জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন চলবে প্রশাসনের তত্ত্বাবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৬ সেপ্টেম্বর নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু দেড় মাস পার হওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। গতকাল বুধবার দ্বিতীয়বারের মতো আবার নিজ তত্ত্বাবধানে একমাত্র ক্যানটিনটি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ে নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনা করা হয়নি। আগামী রোববার থেকে ক্যানটিন চালু হবে বলে জানান তিনি।সূত্র জানায়, গতকাল বুধবার বেলা দুইটার দিকে ক্যানটিন-ভর্তুকি দেওয়ার বিষয়ে গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। সভায় আগামী রোববার থেকে পুনরায় নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।গত ৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ক্যানটিনে চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের নেতৃত্বে ‘খাবারে ভর্তুকির দাবিতে’ আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গত মাসের ১ তারিখ থেকে নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।