জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন ভাঙচুর, এক ছাত্র সাময়িক বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিনে ভাঙচুরের দায়ে কামরুল ইসলাম নামে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। প্রক্টর বলেন, একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ওই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।গত মঙ্গলবার ফাউ খেতে না দেওয়ায় কামরুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী ক্যানটিনের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।ছাত্রলীগের হামলার ভয়ে ক্যানটিন বন্ধ: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের আবারও হামলার ভয়ে গতকাল ক্যানটিন বন্ধ রাখে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘ছাত্রনেতাদের ভয়ে আজ (গতকাল বুধবার) ক্যানটিন বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ভাঙাচোরা আসবাবপত্র সরিয়ে ক্যানটিন পরিষ্কার করা হচ্ছে।জানতে চাইলে প্রক্টর বলেন, কিছু সমস্যা থাকায় গতকাল ক্যানটিনটি বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার থেকে তা আবার খোলা থাকবে।এদিকে, গত মঙ্গলবার ‘ক্যানটিনে চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ক্যানটিনের খাবারে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য ক্যানটিনের পরিচালকসহ গঠিত কমিটিকে (ভর্তুকি দেওয়ার বিষয়ে কয়েক মাস আগে ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়) নিয়ে আলোচনা করা হবে আজ।