জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা। অবিলম্বে এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের উল্কা-১ বাসে (দ্বিতল) করে কুড়িল বিশ্বরোড থেকে ক্যাম্পাসে আসেন মিউজিক বিভাগের ছাত্রী সাথী আক্তার। এই বাসের আসনে বসাকে কেন্দ্র করে প্রায় এক মাস আগে সাথীর সঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রী সাজিদা পারভীনের বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার সূত্র ধরে গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে সাথীকে একা পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সাজিদা পারভীন ও তাঁর বন্ধুরা। পরে এ ঘটনায় ওই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন সাথী আক্তার। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাজিদা পারভীনসহ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান, আবু সুফিয়ান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাদিয়া ইসলামকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘সাথী আক্তারের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির কাছে দেওয়া হবে।’