জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদককে হত্যার হুমকি
দৈনিক যুগান্তর-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাদিকুল নিয়োগীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সাদিকুলের অভিযোগ, ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল জোবায়ের তাঁকে মুঠোফোনে হুমকি দিয়েছেন।সাদিকুল নিয়োগী প্রথম আলোকে বলেন, গত শনিবার ‘জবির বহিষ্কৃত ছাত্রলীগ নেতা-কর্মীদের দাপটে অস্থির গোটা ক্যাম্পাস’ শিরোনামে দৈনিক যুগান্তর-এ প্রতিবেদন ছাপা হয়। ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী জোবায়ের মুঠোফোনে গতকাল তাঁকে হুমকি দিয়ে বলেন, এমন সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিককে প্রাণ দিতে হয়। তাঁকে মারা সময়ের ব্যাপার।সাদিকুল বলেন, ফোনের কথা তিনি রেকর্ড করে রেখেছেন এবং কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ প্রথম আলোকে বলেন, জোবায়ের নামে ছাত্রলীগের কোনো কর্মী নেই।ছাত্রী লাঞ্ছনা ও এক ছাত্রকে মারধরের দায়ে ৬ জানুয়ারি কর্তৃপক্ষ জোবায়েরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।