জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শিক্ষার্থীদের বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার সাধারণ শিক্ষার্থীরা বর্ধিত ফি প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা সংশোধনের দাবিতে আবারও বিক্ষোভ করলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টা থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। পরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা বর্ধিত ফি প্রত্যাহার ও আইন সংশোধনের দাবিতে স্লোগান দেন। বেলা ১১টায় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, প্রক্টর কাজী আসাদুজ্জামান ও চার অনুষদের ডিনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। উপাচার্য এ সময় বর্ধিত ফি প্রত্যাহার ও আইন সংশোধনে শিগগিরই ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। শিক্ষার্থীরা উপাচার্যকে আগামী ১০ বছরে কোনো প্রকার ফি না বাড়ানোর দাবিতে একটি স্মারকলিপি দেন। পরে শিক্ষার্থীরা আংশিক দাবি আদায় হওয়ায় আনন্দ মিছিল বের করেন। শিক্ষার্থীরা বলেন, ‘অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা না দিয়েই কেবল বেতন-ভাতা বাড়নোর দিকে নজর দিচ্ছে প্রশাসন। সম্প্রতি পরিবহন, মেডিকেল, ছাত্র সংসদ ইত্যাদি খাতে অনৈতিকভাবে ৪১৫ টাকা বাড়ানো হয়েছিল।’ রোববারের মধ্যে আইন সংশোধন বিষয়ে প্রশাসন নিজেদের অবস্থান স্পষ্ট না করলে আবারও আন্দোলনে যাবেন বলে জানান শিক্ষার্থীরা। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উন্নত সুযোগ-সুবিধা দেওয়ার জন্যই প্রশাসন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে বর্ধিত ফি প্রত্যাহার করায় তা বাধাগ্রস্ত হবে।’ তিনি বলেন, ‘বর্তমান আইনে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব নয়। সম্প্রতি প্রধানমন্ত্রীও আইন সংশোধনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বিষয়টি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের আইন বিভাগে আছে। আশা করি, সংসদের পরবর্তী অধিবেশনই আইন সংশোধন হয়ে যাবে।’