জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
হলের আধিপত্য বা অন্তর্কোন্দল নিয়ে নয়, এবার খেলতে গিয়ে মারামারি করেছেন ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আহত শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নয়ন সরকার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ সারথি দাস ও একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র চিন্ময় রায় এবং হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দুর্জয় বৈরাগী ও সিদ্ধার্থ শঙ্কর দাস। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হলের ছাত্রলীগের জ্যেষ্ঠ কর্মী পিনাকি রঞ্জন রায় ও প্রণব দাসের পক্ষের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বলেন, হল কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে।