জগন্নাথ হলে ছাদ থেকে পড়ে কর্মচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবন থেকে পড়ে পলাশ (২৬) নামের এক যুবক মারা গেছেন। তিনি জগন্নাথ হলের রসনা বিলাস নামের একটি ক্যানটিনের কর্মচারী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে ক্যানটিনের কর্মচারী ও ছাত্ররা জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভবনের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পলাশের সহকর্মী অনুতোষ চন্দ্র রায় গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সন্তোষচন্দ্র ভবনের সামনে থেকে পলাশকে রক্তাক্ত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি শুনেছেন পলাশ ভবনের কোনো তলা থেকে পড়ে গেছেন।
পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শিবলী নোমান গতকাল রাতে বলেন, ভবনের আটতলার ছাদ থেকে পড়ে পলাশ মারা যান।