জগন্নাথ হলের বুদ্ধমূর্তির নির্মাণ চার বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ হাতটি আধাআধি ঝুলে আছে, ডান হাতটি নেই। এখনো গড়াই হয়নি। মুখের আদল গড়া হলেও চোখ, নাক বা ঠোঁট কিছুই ফুটে ওঠেনি। তবুও চিনতে অসুবিধা হয় না তাঁর বহুল পরিচিত ধ্যানস্থ ভঙিমার জন্য। যেন পূর্ণরূপ লাভের প্রতীক্ষা করছেন তিনি। কিন্তু প্রায় চার বছর ধরে তাঁর সেই প্রতীক্ষা শেষ হচ্ছে না। মূর্তিটি গৌতমবুদ্ধের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মীয়মাণ গৌতমবুদ্ধের মূর্তিটি প্রায় চার বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এর উচ্চতা নিয়ে উদ্যোক্তা, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে মতবিরোধের কারণে নির্মাণকাজ আটকে আছে বলে জানা গেছে।জগন্নাথ হলের প্রধান ফটক দিয়ে ঢুকে কিছু দূর এগোলেই হাতের ডানে মূর্তিটির অবস্থান। হলের উপাসনালয়, স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি—সবকিছু মিলে একটি ধর্মীয় আবহেই বুদ্ধমূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন এটি অসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় হলের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অসন্তুষ্ট।জানা যায়, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুকোমল বড়ুয়ার উদ্যোগে ২০০৬ সালে মূর্তিটির নির্মাণকাজ শুরু হয়। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসাম্প্রদায়িকতার এক প্রতীক হিসেবে অবস্থান করছে। এখানে সংখ্যালঘুুুুুুু সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের রয়েছে সৌহার্দপূর্ণ অবস্থান। এ কারণেই হল অঙ্গনে বুদ্ধমূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।হলের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, নির্মাণকাজ শুরুর পর মূর্তির উচ্চতা নিয়ে অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা প্রশ্ন তুললে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ২০০৭ সালের ৩০ মে মূর্তির কাজ পুনরায় শুরু করার জন্য সুকোমল বড়ুয়া হলের প্রাধ্যক্ষের কাছে একটি চিঠি দেন। এর জবাবে ৪ ফেব্রুয়ারি হল প্রশাসন তাঁকে চিঠি দিয়ে জানায়, মূর্তি নির্মাণের ক্ষেত্রে উদ্যোক্তারা হল প্রশাসনের কাছ থেকে কোনো লিখিত অনুমতি নেননি।এ ছাড়া একদিকে হলের উপাসনালয় ও স্বামী বিবেকানন্দের মূর্তি রেখে সুউচ্চ বুদ্ধমূর্তি নির্মাণের উদ্যোগ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। তখন সুকোমল বড়ুয়া মূর্তির উচ্চতা ১২ ফুটের অধিক হবে না বলে জানালেও মূর্তির কাঠামো ২০ ফুট ছাড়িয়ে যায়।হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘বুদ্ধমূর্তির পাশেই রয়েছে হলের প্রার্থনা কক্ষ। এখানে সকল ধর্মাবলম্বীদের উপাসনার ব্যবস্থা রয়েছে। কিন্তু উদ্যোক্তাদের পাঠানো নকশায় দেখা যায় নির্মিত মূর্তির ওপর আরও ২০ ফুট উঁচু একটি ছাউনি নির্মাণ করা হবে।হলের উপাসনালয়ের চেয়েও এর উচ্চতা অনেক বেড়ে যাবে। হলের অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এটি মানতে রাজি নন। তাঁরা বলছেন উপাসনালয় ও একপাশে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তির চেয়ে বুদ্ধমূর্তির উচ্চতা বৃদ্ধি অন্যান্য ধর্মকে হেয় করার নামান্তর। ছাত্রদের ধর্মীয় অনুভূতির কথা ভেবেই এর উচ্চতা বাড়ানোর অনুমতি দেওয়া যাচ্ছে না।’অধ্যাপক সুকোমল বড়ুয়া অনুমতির বিষয়ে বলেন, ‘হলের তৎকালীন প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মূর্তি নির্মাণের কাজ শুরু হয়। উচ্চতার ব্যপারে তখন কোনো প্রশ্ন ওঠেনি। তবুও শিক্ষার্থীরা প্রতিবাদ করলে হল কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতেই আমরা উচ্চতা নির্ধারণ করব। প্রয়োজনে ওপরের ছাউনিও বাদ দেওয়া হবে।’হলের বৌদ্ধ শিক্ষার্থী লিটন বড়ুয়া আক্ষেপ করে বলেন, ‘বুদ্ধ আমাদের পথপ্রদর্শক। কিন্তু তাঁর অসম্পূর্ণ মূর্তির সামনে দিয়ে যখন প্রতিদিন আসা-যাওয়া করি তখন নিজেকে খুব ছোট মনে হয়। বুদ্ধের মতো একজন মহাপুরুষের মূর্তিকে অবহেলা করা বিশ্ব মানবতাকে অবহেলা করারই নামান্তর।’