ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাদ ধসে ৪০ জনের মৃত্যুর ঘটনার ২৫ বছর পেরিয়ে গেলেও এখনো ঝুঁকিতে বাস করতে হয় ওই হলের ছাত্রদের। ২০০৩ সালে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষিত সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে বাস করেন হাজার খানেক ছাত্র। আসন-সংকটের কারণে ওই হলের অনেক কক্ষে ছাত্ররা গাদাগাদি করে থাকেন। অথচ এই হলের অন্তত ৬০টি কক্ষ বহিরাগতদের দখলে। তাঁরা নিজেদের ক্ষমতাসীন ছাত্রসংগঠনের রাজনৈতিক কর্মী বলে পরিচয় দেন। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের টিভি-কক্ষের ছাদ ধসে ৪০ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। আজ ওই ঘটনার ২৫তম বার্ষিকী পালিত হবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে একটি স্মৃতিফলক উদ্বোধনের মাধ্যমে। এ ছাড়াও নিহতদের স্মরণে আজ শোক দিবস পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ওই হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস প্রথম আলোকে বলেন, সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে এখনো অনেক ছাত্র ঝুঁকি নিয়ে থাকছেন। ছাত্রদের আবাসন সমস্যার সমাধানে নতুন একটি ভবন নির্মাণের কাজ চলছে। সেটি উন্মুক্ত করতে বছর খানেক লাগবে। জগন্নাথ হলের ঝুঁকিপূর্ণ সন্তোষচন্দ্র ভট্টাচার্য, অক্টোবর স্মৃতি, গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহঠাকুরতা—এই চারটি ভবনে এক হাজার ৬০ জনের আবাসনের ব্যবস্থা আছে। তবে হলটিতে বর্তমানে আড়াই হাজারের বেশি ছাত্র থাকছেন। একজনের আসনে দুজন থাকেন। এক কক্ষে ১৫ থেকে ২০ জন ঘুমান, এমন চিত্র খুবই সাধারণ এই হলে। অনেকে থাকছেন টিভি-কক্ষে। এই সংকটের কারণ অনুসন্ধানে গিয়ে জানা যায়, আসন বরাদ্দের নামে এখানে বাণিজ্য আর রাজনীতি চলছে। কক্ষে উঠতে হয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে। আর এ সুযোগে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতারা হলে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত রাখতে জায়গা করে দিচ্ছেন বহিরাগত ব্যক্তিদের। ফলে ভালো কক্ষগুলো রয়েছে তাঁদেরই দখলে। রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়াতেই অনেক বহিরাগত থাকছেন এই হলে। এঁদের কেউ ছাত্রলীগের কেন্দ্রীয় অছাত্র নেতা, কেউ কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে, কেউ বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবার কারও কখনোই বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বই ছিল না। কিছু কক্ষ আছে, যেগুলোতে থাকেন ছাত্রনেতাদের আত্মীয় ও বন্ধু। হলে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের রয়েছে কমপক্ষে আটটি পক্ষ। তাঁদের সবারই ছাত্রত্ব শেষ হয়ে গেছে। কিন্তু তাঁরা যেমন হলে থাকেন, তেমনি তাঁদের রয়েছে নিজস্ব কিছু কক্ষ, যেগুলোতে থাকেন বহিরাগত ও অছাত্ররা। হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস বলেন, এটি সত্যি হলে আসন-সংকটের কারণে শিক্ষার্থীরা গণরুমে থাকছেন। প্রায় প্রতিটি ভবনেই এ ধরনের কক্ষ রয়েছে। বহিরাগত ব্যক্তিদের হলে থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, আসন খালি হলেই আমরা সে আসনে শিক্ষার্থীদের তুলে দিই। প্রাধ্যক্ষ অস্বীকার করলেও অনুসন্ধানে জানা গেছে, গোবিন্দ চন্দ্র দেব ভবনের ৭, ৭৬, ১৫৯, ১২৭, ১৪০, ১২২, ১৫০; সন্তোষচন্দ্র ভবনের ৩০৫, ৩০৮, ৩১০, ৩৩০, ৩৩২, ৩৩৬, ৩৩৭(ক) (খ), ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪৬, ৩৪৮, ৩৬১(ক); জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনের ২১৩, ২১৯, ২২২, ২২৭, ২৩০, ২৩১, ২৩২, ২৩৩, ২৩৭, ২৪১ থেকে ২৪৮, ২৫১ ও ২৫৯ এবং অক্টোবর স্মৃতি ভবনের ৪৬০ ও ৪৬১ নম্বর কক্ষে থাকেন অছাত্র ও বহিরাগতরা।