জঙ্গি তৎপরতায় নারী ও শিশুদের ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইন ও প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে নারীদের সচেতন করা হচ্ছে। কিন্তু সুনির্দিষ্টভাবে জঙ্গি তৎপরতায় তাঁরা যাতে অংশ না নেন, সে বিষয়ে প্রচারণা বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জঙ্গি তৎপরতায় নারী ও শিশুদের ব্যবহার বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিআরইউর নিয়মিত অনুষ্ঠান মিট দ্য রিপোর্টার্সে সম্প্রতি জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নারী ও শিশুদের ব্যবহার প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় শিশুনীতিতে শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার না করার কথা বলা আছে। তাই এ ক্ষেত্রেও বিষয়টিকে প্রাধান্য দিয়ে পদক্ষেপ নিতে হবে।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবারের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠিত হলো। ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এতে আলোচনায় অংশ নেন সংগঠনের নারীবিষয়ক সম্পাদক আইরীন নিয়াজী মান্না। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী নারী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন। পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিবছর ডিআরইউর উদ্যোগে শ্রেষ্ঠ প্রতিবেদনবিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তবে এ প্রতিযোগিতায় নারী বিষয়টি অন্তর্ভুক্ত নেই। এ ক্ষেত্রে শাহেদ চৌধুরীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নারীবিষয়ক রিপোর্টিং অন্তর্ভুক্ত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় যাতে আর্থিক সহায়তা দেয়, তা বিবেচনা করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।নারীর ক্ষমতায়নে পুরুষদের এগিয়ে আসা, নারীর প্রতি গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিষয়টিতে জোর দেন প্রতিমন্ত্রী। তিনি এ কাজে গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।এবারে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে নারীদের জন্য অনেক সেবামূলক কার্যক্রম আছে। কিন্তু সেসব কার্যক্রম সম্পর্কে নারীরা অবগত না হলে কোনো লাভ হবে না।অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে ডিআরইউর পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।