জঙ্গিবাদ রুখতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে
দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সুদৃঢ় করে সব ধরনের সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা।
গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। সমাবেশ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, যারা একাত্তরের স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল, পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল, জেলহত্যা এবং ২১ আগস্টের হামলার সঙ্গে জড়িত, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ।