জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি পালন
মানিকগঞ্জে গতকাল বৃহস্পতিবার জঙ্গিবাদবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া নরসিংদী ও গাজীপুরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ প্রতিপাদ্য নিয়ে বেলা ১১টার দিকে কর্মশালা শুরু হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা গোলাম মওলা নকশিবন্দী, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, সিভিল সার্জন মো. ইমরান আলী, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আবদুল ওয়াদুদ, জাতীয় খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিয়া মোস্তাকিম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক নূরুল ইসলাম প্রমুখ।
শেখ মো. আবদুল্লাহ বলেন, ইসলামের নাম করে জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, মানুষ হত্যা করছে। তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করছে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম কখনোই এ ধরনের কাজ সমর্থন করে না। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
নরসিংদী: জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে মতবিনিময় ও আলোচনা সভা করেছে সদর মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরাম। গতকাল দুপুরে নরসিংদী সদর মডেল থানার মাঠে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বীর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র আলমাস মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, থানার ওসি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর: জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের উদ্যোগে ব্রি মিলনায়তনে সমাবেশ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
ব্রির মহাপরিচালক ভাগ্য রানী বণিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মোবারক আলী, ব্রির সাবেক মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, কৃষিবিদ ইনস্টিটিউশনের যুগ্ম মহাসচিব সমীর চন্দ চন্দ্র, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) মো. শাহজাহান কবীর, পরিচালক (গবেষণা) আনছার আলী প্রমুখ।