পানি কোনো পণ্য নয়। পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার। কিন্তু সরকার পানি আইনের যে খসড়া তৈরি করেছে, তাতে পানিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। জনগণ পানির অধিকার থেকে বঞ্চিত হবে।‘বাংলাদেশ পানি আইন, ২০১২-এর খসড়া ও জনগণের পানি অধিকার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারের প্রধান অতিথি সাংসদ রাশেদ খান মেনন বলেন, প্রতিটি আইনের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। কিন্তু প্রস্তাবিত পানি আইনে বহুজাতিক কোম্পানি ও পানি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অধিকারের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে জনগণের অধিকার নিশ্চিত করে পানি আইন করার পরামর্শ দেন তিনি।সেমিনারের মূল প্রবন্ধে বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রস্তাবিত পানি আইনে ভাষার মারপ্যাঁচে পানিকে পণ্য হিসেবে দেখা হয়েছে। অভিন্ন নদী ও জলাশয়গুলোর ক্ষেত্রে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার সুযোগ রাখার পরামর্শ দেন তিনি। লোনা পানি আটকে রেখে জোর করে চিংড়ি চাষ করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক ইনামুল হক বলেন, পানির নানা উৎস আছে। ঝরনা, নদী, পুকুর, হ্রদ, সমুদ্র—এসব উৎসের পানির ব্যবস্থাপনা সম্পর্কে আইনে নির্দেশনা থাকা প্রয়োজন। অভিন্ন নদীগুলোতে পানিপ্রবাহ নিশ্চিত করারও বিধান আইনে রাখতে হবে।বেসরকারি সংস্থা নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবিরের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল প্রমুখ। তাঁরা জনগণের পানি ব্যবহারের অধিকার নিশ্চিত করার বিধান রেখে আইনটি চূড়ান্ত করার আহ্বান জানান।