পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেছেন, ‘দেশের সর্বস্তরের মানুষ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আবারও প্রমাণ করবে, আমরা পৃথিবীর কোনো জাতির চেয়ে ছোট নই।’গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে প্রজন্ম ৭১-এর উদ্যোগে ‘যুদ্ধাপরাধীদের বিচার: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন।এ কে খন্দকার বলেন, এ দেশের চিহ্নিত মুষ্টিমেয় কিছু মানবতাবিরোধী অপরাধী ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিল বলেই ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, দুই লাখ নারী তাঁদের সম্ভ্রম হারিয়েছে আর হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে শহীদদের আত্মা শান্তি পাবে না।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সেলিম ওমরাহ খান। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলম ও লেখক কাজী সাজ্জাদ আলী জহির সেমিনারে বক্তব্য রাখেন।