জনগণ সচেতন হলে ভূমিদস্যু ও দুর্বৃত্তরা পালানোর পথ পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ‘কয়েকজন ভূমিদস্যু ও দুর্বৃত্ত হাজার হাজার একর জমি নিয়ে ব্যবসা করছে, খাসজমি বা অন্যের জমি দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। আমি যত দিন আছি, আইন ও বিধি মেনে চলতে হবে। তবে জনগণ সচেতন হলে, গণমাধ্যম সঠিকভাবে তাদের সব অপকীর্তি তুলে ধরলে দুর্বৃত্তরা পালানোর পথ পাবে না।’গতকাল মঙ্গলবার গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে ‘ভবিষ্যৎ নগরের উদ্যোগ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা সেমিনারে স্বাগত বক্তব্য দেন।সেমিনারের মূল প্রবন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী খন্দকার সালাউদ্দিন বলেন, বাংলাদেশের নগরায়ণের হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে প্রায় তিন গুণ বেশি। ১৯৭৪ সালে নয় ভাগ মানুষ শহরে বাস করত। ১৯৯৬ সালে আড়াই কোটি ও ২০০১ সালে তিন কোটি এক লাখ মানুষ শহরে বসবাস করত। ধারণা করা হচ্ছে, ২০২০ সালে প্রায় আট কোটি এবং ২০৩৫ সালে জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ শহরে বাস করবে। তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ নগরায়ণের পরিকল্পনা করতে হবে।আব্দুল মান্নান খান বলেন, নগরের উন্নয়ন করাও রাজউকের কাজ। রাজউক প্রকল্প না করলে কিছু ভূমিদস্যু বা দুর্বৃত্ত আরও বেপরোয়া হয়ে যেতে পারে। তিনি ধানমন্ডি, গুলশান, বনানীতে অতীতে কারা প্লট দিয়েছে তা খতিয়ে দেখার কথা বলেন। আগে কোনো প্রকল্পের বৈধতা ছিল না, একজনের জমি আরেকজন বিক্রি করত—এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, রিয়েল এস্টেট আইন ও ভূমি ব্যবহার বিধিমালার কারণে নৈরাজ্য অনেকটা দূর হয়েছে।একটি প্রতিষ্ঠানকে রাজউক ৩০৫ একর জমির অনুমোদন দিলেও প্রতিষ্ঠানটি একটি প্রকল্পের অধীনে সাড়ে তিন হাজার একরের বেশি জমি বিক্রি করে দিয়েছে। তার পরও পূর্ত মন্ত্রণালয় বা রাজউক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের প্রকাশিত পত্রিকায় আপনাদের মতো সাংবাদিকেরা চাকরি করেন কেন?’ তিনি সাংবাদিকদের কাছে জানতে চান, কয়জন নাগরিক ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করেছেন। সেমিনারে বিশেষ অতিথি স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান বলেন, ঢাকার বাইরে কুমিল্লা, রংপুর, রাজশাহী, সিলেট ও বরিশালকে উন্নত করার বড় সুযোগ আছে।বাংলাদেশে জাইকার প্রধান তাকাও তোদা বলেন, মানুষের কথা ভেবে উন্নত নগরের পরিকল্পনা করতে হবে।স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, সরকার ও রাজউককে প্লট ব্যবসা ছেড়ে অ্যাপার্টমেন্টের দিকে যেতে হবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শায়ের গফুর বলেন, ভবিষ্যতে নগরকেন্দ্রিক বড় প্রকল্প হাতে নেওয়ার আগে পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।অন্যান্যের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, স্থাপত্য অধিদপ্তরের প্রধান আহসানুল হক খান, স্থপতি ইকবাল হাবিব, ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি গোলাম রহমান, রিহ্যাবের সাবেক সভাপতি আবদুল এ আওয়াল, প্রকৌশলী মোনাজ আহমেদ বক্তব্য দেন।