প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘মামলার প্রকৃতি ও বিচার বিভাগের প্রতি জনপ্রত্যাশা পরিবর্তিত হচ্ছে। এখন মোকদ্দমাকারীর কাছে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা মোকদ্দমার দ্রুত নিষ্পত্তি প্রত্যাশা করেন। মামলার ক্রমবর্ধমান ব্যয় জনমানুষের আরেকটি উদ্বেগের বিষয়। জনগণ স্বল্প ব্যয়ে দ্রুত মানসম্পন্ন সুবিচার প্রত্যাশা করে। প্রকৃতপক্ষে এটা তাদের সাংবিধানিক অধিকার।’গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ২৭তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, সম্পত্তির মূল্যবৃদ্ধি, নগরায়ণ, শিক্ষার প্রসার ও অধিকার সচেতনতা বৃদ্ধির কারণে মামলার সংখ্যা এমনভাবে বেড়েছে যে, সব পর্যায়ের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আমরা মামলাজট থেকে বেরিয়ে আসতে পারছি না। সব মোকদ্দমা বিচার-প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তিকরণ আমাদের বিচারব্যবস্থা গতিশীল না হওয়ার অন্যতম কারণ। প্রকৃতপক্ষে বর্তমান সময়ে সব মোকদ্দমা বিচার-প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পন্ন করা প্রত্যাশিত নয়, সম্ভবও নয়।’প্রধান বিচারপতি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় ৯০ ভাগ ফৌজদারি মামলা প্লি-বার্গেইন পদ্ধতিতে ও অনুরূপসংখ্যক দেওয়ানি মামলা মেডিয়েশন প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়। এতে আদালত গুরুতর ফৌজদারি মামলা ও জটিল আইনের প্রশ্নসংবলিত দেওয়ানি মামলার বিচারকর্মে মনোনিবেশ করতে সমর্থ হয় এবং দ্রুত মোকদ্দমা নিষ্পত্তি সম্ভবপর হয়।’ চলতি বছর দেওয়ানি কার্যবিধি সংশোধন করে দেওয়ানি মামলায় বিচারপূর্ব মেডিয়েশন বাধ্যতামূলক করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এখন প্রয়োজন একদল দক্ষ মেডিয়েটর।’ বাংলাদেশ আইন সমিতির নবীন সদস্যরা নতুন এ পেশায় নিজেদের নিয়োজিত করতে এগিয়ে আসবেন বলে আশা করেন তিনি। বিচারপতি মোজাম্মেল হোসেন বলেন, ‘আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। সুশাসন ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা একটি কল্যাণমূলক ও আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। এ ক্ষেত্রে আইনজীবী ও নাগরিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’বিচারপতি মোজাম্মেল হোসেন আরও বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আরও সুলভে ও দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করা সম্ভবপর হলে বিচারবহির্ভূত বিরোধ নিষ্পত্তির প্রবণতা বিলুপ্ত হবে।’সমিতির সভাপতি মো. আবদুন নূর দুলালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ জীবন উৎসর্গ করেছেন। উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। ৪১ বছরেও আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেনি। অপরাধী অপরাধের কারণে শাস্তি পাবে, আর বিনা অপরাধে কেউ শাস্তি পাবে না—এটা আইনের শাসনের শর্ত। আইনের শাসনের এই শর্ত যাতে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে আমরা সবাই একযোগে কাজ করতে চাই। অন্যায় করে, দুর্নীতি করে কেউ যাতে পার না পায়, সে জন্য যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে।’ সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে সত্যিকারভাবে দায়িত্ব পরিচালনার আহ্বান জানিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, ‘তাহলে আমরা সোনার বাংলা গড়তে পারব।’ সমিতির সাধারণ সম্পাদক মুহম্মদ ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি আবদুল্লাহ মাহমুদ হাসান, মোমতাজ উদ্দীন আহমদ ওরফে মেহেদী, বার কাউন্সিলের সদস্য গোলাম মোস্তফা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. রফিকুল হক ওরফে বেনু, সদস্যসচিব শেখ আলী আহমেদ প্রমুখ বক্তব্য দেন।