রাজনীতিবিদদের জ্বালাও-পোড়াও ছেড়ে জনগণের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল রোববার জাতীয় গণগ্রন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ কথা ধ্রুব সত্য, বাংলাদেশে আর কেউ কখনো কারচুপি করে নির্বাচনে জয় লাভ করতে পারবে না। মানুষ মিথ্যা প্রবঞ্চনা মেনে নেবে না। রাজনীতিবিদদের বলতে চাই, আপনারা জনগণের শক্তির ওপর আস্থা রাখুন।’তিনি প্রতিবাদের নামে বাসে অগ্নিসংযোগ, মানুষের ওপর অত্যাচার করার সমালোচনা করেন। মিজানুর রহমান বলেন, যে মানুষটি বাংলাদেশে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে, তাকেও মূল্য সংযোজন কর দিতে হয়। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ অনশনকে বেছে নিচ্ছে, দাবি আদায়ে নিজেকে কষ্ট দিচ্ছে। অথচ বাংলাদেশে নেতিবাচক রাজনীতির বেড়াজাল থেকে রাজনীতিবিদেরা বেরিয়ে আসতে পারছেন না।প্রকৃতি ও বন রক্ষা প্রসঙ্গে তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, বনায়নের নামে ইউক্যালিপটাসসহ বেশ কিছু বিদেশি গাছ রোপণ করা হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ ফটোসাংবাদিক মু জহুরুল হক।