জনগোষ্ঠীর অর্ধেকই বিশুদ্ধ পানি পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে দেশে ৭৪ ভাগ মানুষ বিশুদ্ধ পানীয়জলের আওতাভুক্ত। তবে জনগোষ্ঠীর অর্ধেকই বিশুদ্ধ পানি পায় না। আবার সরকারি হিসাবে দেশের ৮৬ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। বাস্তবে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার মাত্র ৫২ শতাংশ।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘খাবার পানি সরবরাহ ও উন্নত পায়খানা নিশ্চিতবিষয়ক পরিকল্পনা’—শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশালায় জানানো হয়, ১৫ বছরের মধ্যে দেশের সব মানুষের জন্য আধুনিক পদ্ধতিতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও উন্নতমানের পায়খানা নিশ্চিত করার পরিকল্পনা করেছে সরকার। এ জন্য এক লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, স্থানীয় সরকারসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, যুগ্ম সচিব জুয়েনা আজিজ, বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান এ মোলার হ্যানসেন বক্তব্য দেন।