জনঘনত্ব অনুসারে ড্যাপ চূড়ান্ত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পরবর্তী বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) চূড়ান্ত করার ক্ষেত্রে এলাকাভেদে জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে পরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদেরা। তাঁরা বলেছেন, চলমান ড্যাপসহ বিভিন্ন নগর উন্নয়ন পরিকল্পনায় এ বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার কারণে এরই মধ্যে বেশ বৈষম্য তৈরি হয়েছে। এতে দেখা গেছে, অনেক এলাকায় মানুষ অনুপাতে স্কুল-কলেজ-হাসপাতাল, খেলার মাঠ কিংবা উন্মুক্ত জায়গার পরিমাণ খুবই কম। আবার কোথাও বেশি।

গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) মিলনায়তনে ‘ডেনসিটি প্ল্যানিং ফর দ্য ডিটেইলড এরিয়া প্ল্যান অব রাজউক’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

বিআইপি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত নগর পরিকল্পনাবিদদের ভাষ্য, নগর পরিকল্পনার ক্ষেত্রে জনঘনত্বের বিন্যাসের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও চলমান ড্যাপসহ অন্য পরিকল্পনাগুলোতে এর সঠিক ব্যবহার হয়নি।

অনুষ্ঠানের সভাপতি বিআইপির সভাপতি এ কে এম আবুল কালাম বলেন, বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকাগুলোতে জনঘনত্বের বিন্যাস করা হয় ভবনের মেঝের আয়তনের অনুপাত অনুসারে। কিন্তু এই পদ্ধতিতে একটি এলাকার জনঘনত্ব নিরূপণ কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

আবুল কালামের মতে, ঢাকাকে একটি বাসযোগ্য ও স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তুলতে জনঘনত্বের বিন্যাস অনুসারে সার্বিক পরিকল্পনা প্রণয়নের দিকে নজর দিতে হবে।

বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার মাহমুদ বলেন, জনঘনত্বের বিন্যাস ও নিয়ন্ত্রণ ছাড়া কোনো নগর পরিকল্পনা কার্যকর করা সম্ভব নয়। এর অভাবে ইতিমধ্যেই ঢাকা সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও নাজুক নগরীতে পরিণত হয়েছে।

এ কারণে ২০১৬ থেকে ২০৩৫ সালের জন্য ঢাকার পরবর্তী ড্যাপ চূড়ান্ত করার ক্ষেত্রে জনঘনত্বের বিন্যাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা ও তা কার্যকর করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়াপ্রবাসী নগর পরিকল্পনাবিদ মশিউর রহমান জনঘনত্বের বিষয়টি নিয়ন্ত্রণে ভবনের উচ্চতা ও প্রতি একর জায়গায় ভবনের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পরামর্শ দেন।

রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ এবং আগামী ২০ বছরের জন্য যে ড্যাপ চূড়ান্ত হতে যাচ্ছে, তার প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, এরই মধ্যে ঢাকার অধিকাংশ এলাকায় আয়তন অনুপাতে জনসংখ্যার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ কিংবা বিন্যাসের কার্যকর কোনো কৌশল এর আগে কোনো পরিকল্পনায় নেওয়া হয়নি। তবে পরবর্তী ড্যাপ চূড়ান্ত করার ক্ষেত্রে বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে।

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল ঢাকার খিলক্ষেতে জনসংখ্যার ঘনত্ব অনুপাতে সেখানকার বাসিন্দাদের আবাসন, যাতায়াত, চিকিৎসা, বিনোদনসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিদ্যমান অবস্থা জানতে একটি জরিপ পরিচালনা করে। জরিপে জনসংখ্যা অনুপাতে ওই এলাকার অপর্যাপ্ত নাগরিক সুবিধা ও ভোগান্তির বিষয়টি উঠে আসে।

দলটির পক্ষ থেকে গতকালের অনুষ্ঠানে বলা হয়, খিলক্ষেত এলাকায় বসবাসরত ৭০ হাজার মানুষের জন্য ন্যূনতম সাতটি প্রাথমিক বিদ্যালয় দরকার। কিন্তু আছে মাত্র দুটি। অধিকাংশ রাস্তা সরু। কোনো উন্মুক্ত জায়গা নেই। বেশির ভাগ জলাশয় ভরাট করে গড়ে উঠেছে আবাসন। যেগুলো টিকে আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে বর্জ্য ফেলানোর জায়গা হিসেবে।