জনজীবনে পদে পদে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল তখন সাড়ে পাঁচটা। অফিস ছুটি। কাজের শেষে বাড়ি ফিরতে মতিঝিলে সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন কর্মজীবী মানুষ। কিছুক্ষণ পর পর দুই-একটি করে বাস আসছে। দলবেঁধে তাঁরা ছুটে যাচ্ছেন তাতে ওঠার জন্য। কেউ কেউ দরদাম করে উঠছেন রিকশায়। রিকশার সংখ্যাও কম। যেসব আছে ভাড়া হাঁকছে ইচ্ছামতো। অগত্যা কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিচ্ছেন ঘরের পথে।গতকাল রোববার এমনই ছিল অফিস শেষে মতিঝিলের দৃশ্য।হরতালে শহর আধা ফাঁকা। পথের মোড়ে মোড়ে পুলিশ। থমথমে পরিবেশ। মতিঝিলের অগ্রণী ব্যাংক ভবনের সামনে বেশ খানিকক্ষণ অপেক্ষায় থেকে হেঁটেই বাড়ির পথ ধরেছিলেন প্রাইম ব্যাংকের চাকুরে তাসলিম সুলতানা ও মাহমুদা বেগম। তাঁদের বাসা খিলগাঁওয়ে। জানালেন, সকালে ৫০ টাকা রিকশা ভাড়া দিয়ে অফিসে এসেছিলেন। এখন রিকশা ওদিকে যেতেই চাইছে না। অগত্যা হেঁটেই রওনা দিয়েছেন। রিকশার জন্য অপেক্ষা করতে তাঁরা সাহস পাচ্ছিলেন না। বেলা থাকতে থাকতেই ঘরে ফেরার জন্য ব্যাকুল ছিলেন তাঁরা।জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতাল শুরু হয়েছে গতকাল রোববার থেকে। অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চলেছে যথারীতি। কাজেই অফিসে আসতে হয়েছে চাকরিজীবীদের। বাসের জন্য অপেক্ষা করছিলেন মিরপুর ১৪ নম্বর সেকশনের বাসিন্দা মোসলেহ উদ্দিন। তিনি মতিঝিলে ডেলটা লাইফ ইনস্যুরেন্সে কাজ করেন। সকালে বাসেই এসেছিলেন। কিন্তু যাওয়ার সময় বাস ধরাটা বেশ মুশকিল হয়ে পড়েছিল। বাস চললেও সংখ্যা ছিল কম। ফলে যাত্রাবাড়ীর দিক থেকে যে গাড়িগুলো আসছিল, সেগুলো ছিল যাত্রীতে ঠাসা। ওঠার সুযোগই পাচ্ছিলেন না তিনি এবং তাঁর মতো অনেকেই। মিরপুর ১৪ নম্বর, পথটাও অনেক দূরের। পায়ে হেঁটে যাওয়ারও উপায় নেই। চাকরিজীবীদের দুর্ভোগ একধরনের, স্বল্প আয়ের লোকদের দুর্ভোগের ধরন অন্য। বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকসংলগ্ন ফুটপাতে জামা-কাপড় বিক্রি করেন আবু সাঈদ। হরতালের জন্য বেশির ভাগ পসরাই পলিথিনের আচ্ছাদন দিয়ে বেঁধে রাখা। আবু সাঈদ জানালেন, দুপুরে পসরা খুলে বসেছেন। এখানে অনেক পুলিশ পাহারায় রয়েছে সেই ভরসায় পসরা খুলেছেন। ‘বিক্রি কত হলো?’ পকেট থেকে ছোট-বড় নোটগুলো বের করে গুনে বললেন ‘সাকল্যে ২৮০ টাকা’। বেলা তখন ডুবুডুবু।প্রতিদিন চার থেকে ছয় হাজার টাকা বিক্রি হয়। হাজার টাকা বিক্রি হলে ১৫০ টাকা লাভ হয়। এই তিন দিনে একেবারে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে টুকিটাকি যদি কিছু বিক্রি হয় এই আশায় ঝুঁকি নিয়েও পসরা খুলে বসেছেন।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের খদ্দর মার্কেটের সামনে খাবারের বাক্স ফেরত নিতে এসেছিলেন প্রৌঢ় পারভিন বেগম। তিনি থাকেন ফকিরেরপুলে। খদ্দর মার্কেটের দোকান কর্মচারীদের তিনি দুপুরের খাবার সরবরাহ করেন। দোকান ও ফুটপাত মিলিয়ে তাঁর ৩০টি বাঁধা গ্রাহক রয়েছে। মাছ, সবজি ও ডাল দিয়ে ৩৫ টাকা ও মাংস দিয়ে ৪০ টাকা। পারভিন জানালেন, নিজেই বাজার করে রেঁধে প্লাস্টিকের বাক্সে করে খাবার সরবরাহ করেন। স্বামী পরিত্যক্তা পারভিন তিন সন্তান নিয়ে বড়ই কষ্টে দিন কাটাচ্ছেন এই ব্যবসা করে। হরতালের জন্য গতকাল মাত্র ১১টি খাবার সরবরাহ করতে পেরেছেন। আক্ষেপ করে তিনি বললেন ‘আমাগো মতোন গরিব মাইনষের লাইগ্যা কেউ ভাবে নারে ভাই!’