জনজীবনের সংকট নিয়ে মাঠে নামছে বাম দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনজীবনের সংকট নিয়ে বামপন্থী দলগুলো একত্রে আন্দোলন করবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, অকার্যকর সড়ক ও পরিবহন-ব্যবস্থা, সড়ক দুর্ঘটনা, যানজটসহ নানা সমস্যা নিয়ে এই আন্দোলনের ব্যাপারে এক মতবিনিময় সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বাম নেতারা জোট-মহাজোটের বিপরীতে বাম গণতান্ত্রিকবলয় গড়ে তোলার ওপর জোর দেন। সভায় নেতারা বলেন, সরকার মানুষের জীবনের সংকট সমাধানে ব্যর্থ। অথচ তাদের ছত্রছায়ায় চলছে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি। বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠা দুই জোটের মধ্যে দ্বন্দ্ব আদর্শগত নয়, ক্ষমতার ভাগ-বাটোয়ারা নিয়ে। দ্বিদলীয় বৃত্ত থেকে জনগণকে বের হয়ে আসার আহ্বান জানান নেতারা। সভায় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা মোর্শেদ আলী এবং গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক নজরুল ইসলাম, শুভ্রাংশ চক্রবর্তী, টিপু বিশ্বাস, সাইফুল হক, মোশরেফা মিশুসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেন।