জনপ্রশাসনে প্রতিবেদন পাঠানো নিয়ে সংসদীয় কমিটিতে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের আর্থিক অনিয়ম-সম্পর্কিত তদন্ত প্রতিবেদন সংসদীয় কমিটিকে দেওয়ার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার কমিটির বৈঠকে এ প্রতিবেদনটিকে অসম্পূর্ণ বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করতে বলেছে। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদ ভবনে গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকদের মেয়াদে সংঘটিত আর্থিক অনিয়মের অভিযোগ-সম্পর্কিত তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
গত ১৬ জুন অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এসব অভিযোগ তদন্ত করে। সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে করা প্রতিবেদনটি রীতি অনুসারে সংসদীয় কমিটির কাছেই পাঠানোর কথা। কিন্তু মন্ত্রণালয় তা না মেনে তদন্ত শেষে এ-সংক্রান্ত প্রতিবেদনটি আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। প্রতিবেদনের সঙ্গে পাঠানো চিঠিতে তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রশাসক জিল্লার রহমান (বর্তমানে ঢাকার বিভাগীয় কমিশনার), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নজরুল ইসলামকে অভিযুক্ত করেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, এই তিন প্রশাসকের সময়ে ঢাকা দক্ষিণ সিটিতে ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।
কমিটির সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অন্য সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সিটি করপোরেশনে ১৪ জন প্রশাসক বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে মাত্র নয়জন প্রশাসকের বক্তব্য নিয়েছে। যাঁদের বক্তব্য নিয়েছে তাঁরা সবাই দক্ষিণ সিটি করপোরেশনে ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো প্রশাসকের বক্তব্য নেওয়া হয়নি। এ কারণে কমিটি প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে দুই সিটি করপোরেশনের বিষয়ে নতুন করে তদন্তের পর প্রতিবেদন দিতে বলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, তদন্ত হয়েছে সংসদীয় কমিটির চাহিদার ভিত্তিতে। সুতরাং নিয়ম অনুযায়ী প্রতিবেদনটি আগে সংসদীয় কমিটিতে জমা দিতে হবে। তারপর কমিটির সুপারিশের ভিত্তিতে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় উল্টো কাজ করেছে। সে জন্য কমিটি জনপ্রশাসনে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করতে বলেছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনসংলগ্ন যেসব ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেগুলোকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করার সুপারিশ করা হয়। এ ছাড়া সিটি করপোরেশনের নামে বাজেট বরাদ্দের অতিরিক্ত কোনো প্রকল্প গ্রহণ না করার সুপারিশ করা হয়।
আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, ফজলে হোসেন বাদশা ও রহিমা আখতার অংশ নেন। স্থানীয় সরকারমন্ত্রী মোশাররফ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন না।