জনবল সংকট, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই
স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন ঢাকায় কয়েক হাজার গবাদিপশু জবাই করা হয়। এটা স্পষ্টত আইনের লঙ্ঘন। আইনে সপ্তাহে রবি, সোম ও বৃহস্পতিবার পশু জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ। কিন্তু আইনের এই বিধানটিও অধিকাংশ মানুষ জানে না, মানে না। ঢাকায় স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ ও পরিবেশসম্মত উপায়ে পশু জবাই নিশ্চিত করার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। এ জন্য ডিসিসিতে পশু চিকিৎসকের পদ আছে ১০টি। কিন্তু ডিসিসিতে খোঁজ নিয়ে জানা গেছে, ২০ বছর ধরে নয়টি পদ শূন্য পড়ে আছে। দেশে অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দেওয়ার পরও ডিসিসি বাড়তি কোনো উদ্যোগ নেয়নি। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাই বলেন, জনবল সংকটের কারণেই নগরবাসীর জন্য গবাদিপশুর স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ হুমকির মুখে। পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন অকার্যকর হয়ে পড়েছে। যত্রতত্র পশু জবাই করার ফলে পশুর রক্তে পরিবেশ দূষিত হচ্ছে। ডিসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, ‘পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন-১৯৫৭’-এ বলা আছে, রবি, সোম ও বৃহস্পতিবার পশু জবাই করা যাবে না। এই তিন দিন মাংস বিক্রি এবং বিক্রির উদ্দেশ্যে হোটেলে পরিবেশন করাও যাবে না। একই আইনে উৎপাদনশীল (যে গরু বা ছাগল দুধ দেয়) ও বাড়ন্ত পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। তাতে জবাই করা পশুর বয়সও নির্ধারণ করে দেওয়া আছে। বলা আছে, ১০ বছরের ওপরের গাভি, সাত বছরের ষাঁড়, পাঁচ বছরের ছাগল বা ভেড়া ও তিন বছরের খাসি জবাই করা যাবে। মহানগর মাংস ব্যবসায়ী সমিতির নেতা গোলাম মুর্তজা প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ আইন কার্যকর করার দাবি জানিয়ে আসছি। ঢাকায় চারটি আধুনিক পশু জবাইখানা নির্মাণ এবং পশুর হাট পরিচ্ছন্ন রাখার দাবি করেছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত হয়নি।’ ডিসিসির সংশ্লিষ্ট বিভাগের ভেটেরিনারি কর্মকর্তা আজমত আলী জানান, আইন বাস্তবায়ন হচ্ছে না। ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ মাংসবিহীন দিবস একদিন করার প্রস্তাব করেছিলেন। তখন থেকে রোববার ঢাকায় পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ। তবে এটিও সঠিকভাবে মানা হয় না।গাবতলী ও মেরাদিয়ায় দুটি স্থায়ী পশুর হাট আছে। কাপ্তানবাজার ও যাত্রাবাড়ীতে আছে দুটি ছাগল ও ভেড়ার হাট। ডিসিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজধানীতে কোনো আধুনিক পশু জবাইখানা না থাকায় এসব পশু সড়কে, সড়কের আশপাশে বা বিভিন্ন বাজারে জবাই করা হয়। এসব পশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। যত্রতত্র পশুর রক্ত ও বর্জ্য ফেলার কারণে নগরের পরিবেশও দূষিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডিসিসির সংশ্লিষ্ট বিভাগে এখন তিনজন চিকিৎসক কাজ করছেন। এঁদের দুইজন সম্প্রতি প্রেষণে কাজে যোগ দিয়েছেন। কর্মকর্তারা স্বীকার করেছেন, তিনজনের পক্ষে ঢাকা শহরের পশুর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব নয়।