জনবলের অভাবে তথ্য অধিকার আইনের সুফল পাওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশনার মুহম্মদ জমির বলেছেন, জনবল না থাকায় তথ্য অধিকার আইনের সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান আর্টিকেল ১৯ আয়োজিত ‘গ্লোবাল রাইট টু ইনফরমেশন ইনডেক্স’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধান তথ্য কমিশনার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঁচজন করে শিক্ষানবিশ তথ্য কর্মকর্তা চান। তাঁরা এক মাস তথ্য কমিশনে কাজ করে নিজেদের দক্ষতা বাড়াবেন। এতে কমিশনেরও জনবলসংকট কিছুটা দূর হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, উন্নয়নশীল অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তথ্য সরবরাহের জন্য বাজেটে ঘাটতি রয়েছে। কারণ তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তা সরবরাহের ক্ষেত্রে অর্থ প্রয়োজন। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য সরবরাহের সুপারিশ করেন।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সভা সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের আবাসিক পরিচালক তাহমিনা রহমান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, একাধিক মন্ত্রী তিস্তা চুক্তি, ট্রানজিট, পদ্মা সেতু নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য বা তথ্য জানাচ্ছেন। এতে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে একাধিক বক্তা বলেন, দেশে তথ্য চেপে রাখার বা গোপনীয়তার সংস্কৃতি আছে। এ কারণে জনগণের দরকারের সময় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় না।