জনবলের স্বল্পতা কাটিয়ে ওঠাই বড় প্রতিকূলতা: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়তন ও জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে জনবল বাড়েনি বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, জনবলের এই স্বল্পতা কাটিয়ে ওঠাটাই তাঁদের জন্য বড় প্রতিকূলতা। এ বিষয়ে জনপ্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
আজ বুধবার দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
মেয়র তাপস বলেন, পাঁচটি অঞ্চলের জনবল (সাংগঠনিক কাঠামো) দিয়ে দশটি অঞ্চলের কাজ করতে হচ্ছে, সেবা দিতে হচ্ছে। যদিও আয়তন অনেক বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু জনবল বাড়েনি। পাঁচটি অঞ্চলের যে জনবল আছে, তা দিয়ে আমাদের দশটি এলাকার কাজ চালিয়ে নিতে হচ্ছে। সুতরাং কাজটি অত্যন্ত দুরূহ।
বাকি পাঁচটি অঞ্চলের সাংগঠনিক কাঠামো অনুমোদনের অপেক্ষায় রয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘সরকারের উচ্চ মহল বা মন্ত্রণালয় এ–সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি করে সাংগঠনিক কাঠামো অনুমোদন দেবে বলে আশা করছি। তাহলে আরও জনবল নিয়োগ করে ঢাকাবাসীকে সঠিকভাবে সেবাটা নিশ্চিত করতে পারব।’
এ সময় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তদন্ত প্রতিবেদনের আলোকে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস বলেন, এ ব্যাপারে তাঁরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছেন। যেমন যিনি পরিবহন তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন, তাঁকে কর্মচ্যুত করা হয়েছে। কারণ, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদনে যেসব অনিয়ম পাওয়া গেছে, সেই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৯ জন নিয়মিত গাড়িচালক, যাঁরা ভাড়াটে লোক দিয়ে গাড়ি চালাত। এ বিষয়টি তদন্তে বেরিয়ে এসেছে। এ জন্য তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সামসুন নাহার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।