জনমানুষের মতামতে খসড়া পানি আইন তৈরির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবাসীকে সুপেয় পানি দিতে হলে এবং ভূ-পৃষ্ঠের উপরি ভাগের পানি ব্যবহারের জন্য জলাধার সুরক্ষা করতে হলে জনমানুষের মতামতের ভিত্তিতেই খসড়া পানি আইন করে জাতীয় সংসদে উপস্থাপন করতে হবে। বিদেশি দাতা সংস্থাগুলোর নির্দেশনাভিত্তিক খসড়া বর্জন করতে হবে।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল সোমবার ‘খসড়া পানি আইন ও জনমানুষের পানির অধিকার: নাগরিক অভিমত ও প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলা হয়। আলোচনায় বক্তারা পানি ব্যবস্থাপনা বেসরকারি খাতে না দেওয়ার আহ্বান জানান।বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত পানি অধিকার ফোরাম এই আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ‘নিজেরা করি’র সমন্বয়কারী ও এএলআরডির চেয়ারপারসন খুশী কবির। ফোরামের অন্য সংগঠনগুলোর মধ্যে ছিল বিএনপিএস, সিসিডিবি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), নাগরিক উদ্যোগ ও ইনসিডিন বাংলাদেশ।আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, খসড়া পানি আইন প্রণয়ন করতে হবে এ দেশের মানুষের মতামতের ভিত্তিতে, এডিবির নির্দেশনায় নয়। বিশ্বব্যাংকের প্ররোচনায় পানি বাণিজ্যিকীকরণ করা হলে তা মানুষের অধিকার ক্ষুণ্ন করবে।জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, পানি নীতি হতে হবে পানি ব্যবহার ব্যবস্থাপনা নীতি, পানি নিয়ন্ত্রণ নীতি নয়। জনগণের মতামতের ভিত্তিতে সরকারের নিজ উদ্যোগে খসড়া আইন সংসদে আসা উচিত।আওয়ামী লীগের সাংসদ এম এ মান্নান বলেন, ‘আমাদের গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কাছে বিদ্যুৎ বা রাস্তাঘাটের চেয়ে বিশুদ্ধ পানি বেশি প্রয়োজনীয়। এ জন্য তাদের কাছাকাছি স্থানে গভীর নলকূপ বসাতে হবে। এটা পানি আইনে থাকা উচিত।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেন, সুপেয় পানি হওয়া উচিত একটি সার্বজনীন মানবাধিকার। ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, এ কথা সব সময় মনে রাখতে হবে যে পানির অধিকার মানুষের মৌলিক অধিকার, এ অধিকার ক্ষুণ্ন করা যাবে না।বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনটি বাংলাদেশ সরকারকেই রচনা করতে হবে, এডিবি রচিত হলে হবে না।পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ইনামুল হক বলেন, ‘আমরা নিশ্চয়ই উত্তরাধিকার সূত্রে দূষিত পানি পাইনি। সমস্যা হচ্ছে, পানির দূষণ রোধ সম্পর্কে ভালো কোনো আইন আজও হয়নি। আসলে পানি দূষিত হলে ঋণ দেওয়ার সুবিধা হয় এবং বিশ্বব্যাংকেরই লাভ হয়।’খুশী কবির বলেন, সঠিক খসড়া আইন করা না হলে অঢেল পানির দেশ বাংলাদেশের প্রাকৃতিক পানির ওপর মন্দ প্রভাব পড়বে।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী। স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে জলাধার-সংক্রান্ত নীতি অনেক ক্ষেত্রে স্ববিরোধী। এতে মৎস্যজীবী সম্প্র্রদায়ের জীবিকার নিশ্চয়তা বিধানে কোনো আইনি রক্ষাকবচ নেই। এ নীতি অভ্যন্তরীণ জলসম্পদ সম্পর্কে কোনো নির্দেশনা দেয় না। এতে নেই ভূমিদস্যুদের হাত থেকে উন্মুক্ত জলাশয় সুরক্ষা ও ব্যক্তিগত মালিকানা বা ইজারার আওতায় উন্মুক্ত জলাশয়ে চিংড়ি চাষ নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা।