জনসংখ্যা কর্মসূচি সফল করতে সবাইকে শামিল হওয়ার আহ্বান
বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা প্রতিটি গর্ভ পরিকল্পিত ও নিরাপদ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা এ আহ্বান জানান। গতকাল ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, দেশের ৬০ শতাংশের বেশি দম্পতিকে পরিবার-পরিকল্পনার আওতায় আনা সম্ভব হয়েছে। জনসংখ্যা কর্মসূচিকে আরও সক্রিয় করতে নারীর শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার রক্ষার দিকেও নজর দিতে হবে।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, কর্মসূচিকে বেগবান করতে সরকার জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার এরকেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ফায়েকুজ্জামান চৌধুরী, পরিচালক (আইইএম) গণেশ চন্দ্র সরকার বক্তব্য দেন। অনুষ্ঠানে ২০১১-১২ অর্থবছরে পরিবার-পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্য জাতীয়ভাবে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা।এ ছাড়া জনসংখ্যা ও পরিবার পরিকল্পনাবিষয়ক শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাতজন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন, যুগান্তর-এর উপসম্পাদক রিতা ভৌমিক, সমকাল-এর নিজস্ব প্রতিবেদক এ বি এম বদরুদ্দোজা খান, দ্য ডেইলি সান-এর নিজস্ব প্রতিবেদক মো. তারিক হাসান শাহরিয়ার, একুশে টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানের প্রযোজক মানিক শিকদার, বাংলা ভিশনের প্রতিবেদক মো. আবদুর রহমান ও বাংলাদেশ বেতারের উপপরিচালক মো. রোকনুজ্জামান।নগরে সকালে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে জনসংখ্যা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।