পরিবার পরিকল্পনা কর্মসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। গতকাল মঙ্গলবার বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের (জিএইচআই) আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে প্রজনন হার ৬ থেকে ৩-এ নামিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু এক দশক ধরে এই হার একই জায়গায় স্থির হয়ে আছে।রুহুল হক বলেন, আমরা যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে উন্নতির সব পথ রুদ্ধ হয়ে যাবে।’ তিনি বলেন, পরিবার পরিকল্পনা কর্মসূচিকে পুনরুজ্জীবিত করা এখন খুবই জরুরি হয়ে পড়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় রুহুল হক বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) পূরণে ভালোভাবেই এগিয়ে চলেছে। কিন্তু এখনো আমাদের দেশে নবজাতক ও মাতৃমৃত্যুর হার অনেক বেশি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নানা সংক্রামক রোগে এখনো বহু মানুষ মারা যাচ্ছে। চরম অপুষ্টিতে ভোগা খর্বাকৃতির লিকলিকে শিশুর সংখ্যা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের কোনো কোনো দেশের চেয়েও বাংলাদেশে বেশি। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার আরও উন্নতি প্রয়োজন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিককে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতে স্থবিরতা আসায় স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, জ্বালানি ও পানির চাহিদা পূরণে সরকারের অসুবিধা হচ্ছে।মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে তিন কোটি ৩০ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। এই অর্থ গর্ভনিরোধক দ্রব্য কেনায় ব্যয় হবে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মরিয়ার্টি স্বাস্থ্যমন্ত্রী রুহুল হককে ৫৪ হাজার আইইউডি এবং ১০০ মিলিয়ন কনডম হস্তান্তর করেন। জিএইচআই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন: ২০০৯ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের আটটি দেশের স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের আওতায় ৬৪ বিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দেন। বাংলাদেশ সেই দেশগুলোর একটি। গতকাল বাংলাদেশে জিএইচআইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হয়। বাংলাদেশে ইউএসএইডের মিশন পরিচালক ডেনিস রলিন্স বলেন, আগামী ছয় বছর শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ, অপুষ্টি সমস্যা মোকাবিলা, সংক্রামক রোগে মৃত্যুহার কমানো, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএইচআইয়ের আওতায় অর্থসহায়তা দেবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইঞা, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক খন্দকার মো. সেফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক দিলরুবা প্রমুখ।