জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে পরিবেশ রক্ষা করা যাবে না, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন কঠিন হয়ে যাবে। সীমিত সম্পদের ওপর অধিক মানুষের চাপ দেশের পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে। গতকাল বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আয়োজিত এমডিজি ও পরিবেশবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন। বিইউপি কার্যালয়ে অনুষ্ঠিত ‘এমডিজি অ্যান্ড বাংলাদেশ (২০০০-২০১০): অ্যাচিভমেন্টস অ্যান্ড এক্সপেকটেশনস ইন এনভায়রনমেন্টাল সেক্টর’ শীর্ষক কর্মশালায় বনভূমি ও নদী রক্ষায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। কর্মশালায় সভাপতির বক্তব্যে বিইউপির চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, দূষণবন্ধ ও দারিদ্র্য বিমোচন করা না গেলে পরিবেশ রক্ষা কঠিন হয়ে যাবে। সুন্দরবনকে উপকূলের প্রাকৃতিক বাঁধ হিসেবে উল্লেখ করে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘এই বনটিকে রক্ষায় আমাদের পূর্ণ মনোযোগ দিতে হবে।’ দেশের মধ্যে আঞ্চলিক বৈষম্য দূর করে সাধ ও সম্পদের মধ্যে সমন্বয় আনার ওপর জোর দেন তিনি। সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আশিকুর এইচ এন রহমান বলেন, বাংলাদেশ এক জটিল সমীকরণের সামনে পড়েছে। একদিকে জনসংখ্যার চাপ ও অন্যদিকে সীমিত সম্পদ।দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে আঞ্চলিক বৈষম্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর মধ্য থেকে তিন হাজার ৫০০ মেগাওয়াট পূর্বে ও ৫০০ মেগাওয়াট পশ্চিমাঞ্চলে ব্যবহূত হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, পরিবেশ রক্ষা করতে না পারলে এমডিজি অর্জন কঠিন হয়ে যাবে। তিনি বলেন, এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা না গেলে কোনো পরিকল্পনাই কাজে লাগবে না। দেশে নগরায়ণের নামে ‘বস্তি-আয়ন’ হচ্ছে—এমন মন্তব্য করে তিনি বলেন, পরিবেশ রক্ষায় পুরোনো আইন সংশোধন করা হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম গরিব মানুষের উপকারে লাগে এমন প্রযুক্তি উদ্ভাবনের কথা বলেন। পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক জালালউদ্দিন মো. আবদুল হাই বলেন, সরকার সুন্দরবন রক্ষায় গড়াই নদ পুনঃখনন করার পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মিঠাপানির প্রবাহ বাড়বে এবং তা পূর্ব সুন্দরবনের উপকারে আসবে। জালালউদ্দিন মো. আবদুল হাই আরও বলেন, পশ্চিম সুন্দরবনকে বাঁচাতে হলে গঙ্গা ব্যারাজ তৈরি করতে হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইউপির পরিবেশ ও পানি বিভাগের পরিচালক মাহবুব হাসান। তিনি বলেন, নব্বইয়ের দশকে দেশে প্রতিবছর ৩৭ হাজার ৭০০ হেক্টর বনভূমি ধ্বংস হতো। গত কয়েক বছর ধরে তা ৭০ হাজার হেক্টরে পরিণত হয়েছে।