জনসংখ্যা নিয়ন্ত্রণে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজটি শুধু সরকারের মনে করলে চলবে না। এতে জনগণের সম্পৃক্ততাও থাকতে হবে। বিষয়টি নিজেদের দায়িত্ব হিসেবে দেখতে হবে।গতকাল সোমবার বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল অনুষ্ঠানটির আয়োজন করে।ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির। এতে স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষার হার বাড়ানো ও নারীর ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার কম এবং পদ্ধতি ব্যবহারে পুরুষের অংশগ্রহণ কম হওয়াকে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, জনসংখ্যার লাগাম ধরে রাখতে না পারলে সরকারের কোনো পরিকল্পনাই সফল হবে না।অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার কার্যক্রম এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে বিশেষ অবদানের জন্য মাঠকর্মী, শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠান, এনজিও, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও গণমাধ্যমকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।প্রিন্ট মিডিয়ায় প্রথম আলোর মানসুরা হোসাইন, যৌথভাবে দৈনিক জনকণ্ঠ-এর নিখিল মানকিন ও রাজু আহমেদ, ডেইলি সান-এর তারেক হাসান শাহরিয়ার এবং বিডিনিউজ২৪.কম-এর নুরুল ইসলাম পুরস্কার পেয়েছেন। ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলার শাহ্নাজ মুন্নী, চ্যানেল আইয়ের জান্নাতুল বাকেয়া কেকা ও বাংলাদেশ বেতারের জলিলুল হক পুরস্কার পেয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানের আগে শিশু একাডেমী থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।