যেকোনো মূল্যে দেশ থেকে দারিদ্র্য নিরসন করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এই পাঁচটি মৌলিক অধিকার প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের দক্ষতার পরিচয় দিতে হবে। সরকার ২০২০ সালের মধ্যে দারিদ্র্য নিরসনের ঘোষণা দিয়েছে। শুধু কথা নয়, সেই অনুযায়ী কাজেও অগ্রগতি হতে হবে। দেশ ও জনগণের স্বার্থে বিরোধী দলকেও দারিদ্র্য বিমোচনে সরকারকে সহায়তা করতে এগিয়ে আসতে হবে।যুক্তি আর তথ্যের সমন্বয়ে বিতার্কিকেরা তুলে ধরেছে এই বক্তব্য। গতকাল বৃহস্পতিবার ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’-এ শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘দারিদ্র্য নয়, অতিরিক্ত জনসংখ্যাই আমাদের প্রধান সমস্যা’। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই বিষয়ের পক্ষের দল বলছে, ‘দেশের সব সমস্যার মূল হলো জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা এখন যেন জনবোমা! অতিরিক্ত জনসংখ্যার কারণেই দারিদ্র্য বাড়ছে। অথচ এই সমস্যাকে দেশের নেতা-নেত্রীসহ বেশির ভাগ মানুষই সমস্যা মনে করতে চান না।’অপরদিকে বিপক্ষের দল বলছে, ‘অতিরিক্ত জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের দারিদ্র্য দূর হতো। কিন্তু এই জনসংখ্যা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে দেশের দারিদ্র্য দূর হচ্ছে না। বিপক্ষের দল বলছে, চীন তাদের বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করে আজ বিশ্বের উন্নত দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অথচ আমাদের দেশে সেই জনসংখ্যাই বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এ বিষয়ে সরকারের সুষ্ঠু পরিকল্পনা করে এগোনো উচিত। তাহলে জনসংখ্যাকে সমস্যা মনে না হয়ে জনসম্পদ মনে হবে।’গতকাল কোয়ার্টার ফাইনাল থেকে বিজয়ী হয়ে সেমিফাইনালে অংশ নেয় যোসেফাইট ডিবেটিং ক্লাব-১, এমজিবিএসডিসি- সব্যসাচী, এমজিজিএসডিসি-অপরাজিতা এবং ভিকারুননিসা ডিবেটিং ক্লাব—প্রতীতি।সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি’। এরপর অনুষ্ঠিত হয় শিশু বিতর্কের ফাইনাল। বিষয় ছিল, ‘আগামী শতকের সবচেয়ে বড় সমস্যা হবে পরিবেশ বিপর্যয়’। অংশ নেয় যোসেফাইট ডিবেটিং ক্লাব-১ এবং ভিকারুননিসা ডিবেটিং ক্লাব—প্রতীতি।এর আগে গতকাল বৃহস্পতিবার ‘চলো হারাই’ বিষয়ের ওপর শিশুদের বারোয়ারি বিতর্কও অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিতর্ক প্রতিযোগিতায় কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাব দলের প্রথম ও দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মতো কোনো স্কুল বিতর্ক ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ক্লাব অংশ নিচ্ছে। গত বুধবার থেকে শুরু হয় ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব এই বিতর্ক প্রতিযোগিতা চলবে ২৪ মে পর্যন্ত। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন আজকের বিশ্ব’।পাঁচ দিনের এ বিতর্ক উৎসবে ৩৬টি স্কুল দল, ৩২টি শিশু দল ও ২৪টি ক্লাব বিতর্ক দলসহ প্রায় ৯০টি বিতর্ক দল অংশ নিচ্ছে। স্কুল ও ক্লাবের সব বিতর্ক হবে সংসদীয় ধারায়। শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সনাতনী ধারায় এবং সেমিফাইনাল ও ফাইনাল সংসদীয় ধারায় হয়েছে।এ বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী www.pৎothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯.২।