দেশে দারিদ্র্য, অপুষ্টি, স্বাস্থ্যসেবায় সংকটের মতো সমস্যার অন্যতম কারণ অধিক জনসংখ্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের সঙ্গে হাত মেলাতে হবে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের। সমস্যা মোকাবিলায় গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।গতকাল রোব-বার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত।’ বক্তারা বাল্যবিবাহ রোধ করার পাশাপাশি জন্মনিয়ন্ত্রণসামগ্রী ব্যবহারে পুরুষকে আরও বেশি আগ্রহী করে তোলার ব্যাপারে জোর দেন।অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, অধিক জনসংখ্যার চাপে দারিদ্র্য, অপুষ্টির পাশাপাশি খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় সংকট দেখা দিচ্ছে। আর্থ-সামাজিক সমস্যাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সমস্যার মূলে অতিরিক্ত জনসংখ্যা। তিনি বলেন, দারিদ্র্যসহ এসব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি আরও বলেন, নিয়ন্ত্রিত জনসংখ্যার জন্য প্রতিটি জন্মই পরিকল্পিত হওয়া প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘জনসংখ্যা সমস্যা নিয়ে আমরা উদগ্রিব।’ দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয় দেশের জন্য প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির সাফল্য এসেছে মাঠকর্মীদের জন্য। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও সমাজকল্যাণ-বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে মাঠকর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। কিশোরী মেয়েদের বিয়ে রোধে সবাইকে সচেতন করতে হবে। অনুষ্ঠানে জনসংখ্যা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাঠপর্যায়ে দেশের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনাকর্মী ও সেবা প্রদানকারী সংস্থাকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া পাঁচজন সাংবাদিককে ‘পরিবার পরিকল্পনা গণমাধ্যম পুরস্কার-২০১০’ দেওয়া হয়। তাঁরা হলেন শিশির মোড়ল (প্রথম আলো), আবদুর রহমান (বাংলাভিশন), আলফা আরজু (ডেইলি স্টার) মাহবুবা জান্নাত (ডেইলি স্টার) ও নিখিল মানখিন (জনকণ্ঠ)।উদ্বোধনী অনুষ্ঠানের সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করে। স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বাংলাদেশের ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার অ্যারকেন বক্তব্য উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আবদুল কাইয়ুম। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ। দিনের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ ছাড়া নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা, আন্তহল বিতর্ক ও আন্তবিভাগ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নারীমুক্তি আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক লীগ।