জনসংখ্যাভিত্তিক সীমানাবিন্যাস না করেই দুই সিটির নির্বাচন
জনসংখ্যার অনুপাতে ওয়ার্ডের সীমানাবিন্যাস না করেই ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হবে। সীমানাবিন্যাসের আইনি বাধ্যবাধকতা থাকলেও মামলা-মোকদ্দমার আশঙ্কায় স্থানীয় সরকার মন্ত্রণালয় আপাতত সীমানাবিন্যাস করছে না।আইন অনুযায়ী আগামী ২৯ মের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) ওয়ার্ডের সীমানাবিন্যাসের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কোনো পরামর্শ করেনি। এমনকি বিষয়টি নিয়ে কমিশনের বৈঠকে কোনো আলোচনাও হয়নি।কিন্তু বিদ্যমান সীমানায় দুই সিটির বিভিন্ন ওয়ার্ডের ভোটারসংখ্যার মধ্যে ব্যবধান বিস্তর। কোনো ওয়ার্ডে ভোটারসংখ্যা লাখের ওপরে, আবার কোনো ওয়ার্ডে ১২ হাজারের নিচে।ইসি সচিবালয়ের সূত্র জানায়, ভোটারসংখ্যার ব্যবধানের কারণে কাউন্সিলর পদে প্রার্থীরা নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবেন। ভোটারসংখ্যার অনুপাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারিত থাকায় কম ভোটারের ওয়ার্ডের প্রার্থীদের যে পরিমাণ টাকা ব্যয় করতে হবে, তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় করতে হবে বেশি ভোটারের ওয়ার্ডের প্রার্থীদের।স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে অবশ্যই ওয়ার্ডের সীমানাবিন্যাস করা উচিত। তা না হলে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে। যেসব ওয়ার্ডে জনসংখ্যা বেশি, সেখানে উন্নয়ন কম হবে। যেখানে জনসংখ্যা কম, সেখানে উন্নয়ন বেশি হবে।ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে গত ১ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়ার্ডের সংখ্যা ৩৬ এবং দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ডের সংখ্যা ৫৬টি নির্ধারণ করা হয়। স্থানীয় সরকার বিভাগ ৪ ডিসেম্বর দুই সিটির জন্য নতুন ওয়ার্ড নম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু আইন অনুযায়ী জনসংখ্যার অনুপাতে ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হয়নি।কিন্তু সিটি করপোরেশন নির্বাচনী আইন, ২০০৯-এর ২৯ ধারামতে, সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ করতে হবে। আইনে সিটির সীমানাবিন্যাসের দায়িত্ব স্থানীয় সরকার বিভাগকে দেওয়া আছে। ঢাকা সিটির ওয়ার্ডের সর্বশেষ সীমানাবিন্যাস করা হয় ১৯৯৬ সালে।এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে ওয়ার্ডের সীমানাবিন্যাস করা সম্ভব নয়। কারণ কিছু ওয়ার্ডের সুবিধাভোগীরা নতুন সীমানা চায় না। সীমানাবিন্যাসের উদ্যোগ নিলে এরা মামলা-মোকদ্দমা করবে। তাতে যথাসময়ে নির্বাচন হবে না, যার দায় সরকারকে বহন করতে হবে। সে জন্য যথাসময়ে নির্বাচন দরকার। সরকার অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে করপোরেশন চালাতে চায় না। এর আগের নির্বাচন কমিশন ওয়ার্ডের সীমানাবিন্যাসের জন্য স্থানীয় সরকার বিভাগকে একাধিকবার তাগিদ দিয়েছে। কিন্তু মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার জাবেদ আলী প্রথম আলোকে বলেন, ওয়ার্ডের সীমানাবিন্যাস নিয়ে এখনো কমিশনের বৈঠকে কোনো আলোচনা হয়নি। স্থানীয় সরকার বিভাগ থেকেও কোনো কিছু জানানো হয়নি।ইসি দুই সিটির জন্য ওয়ার্ডভিত্তিক যে ভোটার তালিকা তৈরি করেছে, তাতে উত্তর ঢাকার ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে গড় ভোটার ৬০ হাজার ৩৫২ জন। দক্ষিণ ঢাকার ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতে গড় ভোটার ৩০ হাজার ১১ জন।উত্তর ঢাকার ৩৬টি ওয়ার্ডের মধ্যে ২৪টির প্রতিটিতে ভোটারসংখ্যা ৫০ হাজার থেকে এক লাখের ওপরে। বাকি ১২টি ওয়ার্ডের প্রতিটির ভোটারসংখ্যা ২৮ থেকে ৫০ হাজারের মধ্যে। দক্ষিণ ঢাকার ৫৬টি ওয়ার্ডের মধ্যে চারটির ভোটারসংখ্যা ৫০ থেকে ৬৮ হাজারের মধ্যে। বাকি ৫২টি ওয়ার্ডের প্রতিটিতে ভোটারসংখ্যা ১১ থেকে ৫০ হাজারের মধ্যে।