জন্মনিয়ন্ত্রণ জনগণের অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা বৃদ্ধির গতি কমাতে পরিবার পরিকল্পনাকে শুধু কার্যক্রমে সীমাবদ্ধ রাখলেই চলবে না। জন্মনিয়ন্ত্রণকে জনগণের অধিকার এবং মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০১২’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলা হয়। গতকাল বিশ্বের শতাধিক দেশে একযোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এবার প্রতিবেদনের বিষয় ‘পরিবার পরিকল্পনা, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন’।প্রতিবেদনে বলা হয়, একজন নারী পরিবার পরিকল্পনার সুযোগ লাভ করলে তাঁর অন্যান্য অধিকার, যেমন শিক্ষার অধিকার নিশ্চিত হয়। এতে তাঁর আয় বৃদ্ধি ঘটে এবং স্বাস্থ্যের উন্নতি হয়। নারী ও পুরুষ একত্রে পরিবার পরিকল্পনা করলে ভবিষ্যতে তাঁদের সন্তানেরাও এর সুফল লাভ করে।বাংলাদেশে পরিচালিত এক সমীক্ষার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, পরিবার পরিকল্পনার সুযোগ গ্রহণকারী নারীরা তাঁদের সহকর্মী নারীদের চেয়ে প্রায় তিনগুণ বেশি উপার্জন করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ ঠিক পথেই রয়েছে। গত চার বছরে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে দুর্বল এলাকাগুলো চিহ্নিত করে কর্মসূচি জোরদার করা হয়। এর ফলে বর্তমানে বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমান যুবক জনগোষ্ঠীর হার বয়স্কদের তুলনায় অনেক বেশি বলে ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য একটি সম্ভাবনাময় পরিস্থিতি বিরাজ করছে। তিনি আরও বলেন, সম্প্রতি নাইজেরিয়া থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। একটি মুসলিমপ্রধান দেশ হয়েও বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি কীভাবে সফল হচ্ছে, তা দেখাই ছিল তাঁদের মূল লক্ষ্য।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ২৪ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩ শতাংশ।প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্বে পরিবার পরিকল্পনাকে প্রাথমিক অধিকার বলে গণ্য করা হয়। যেহেতু এটা অধিকার, সেহেতু শুধু ধনী বা শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার জন্য তা নিশ্চিত করা প্রয়োজন।প্রতিবেদনে আরও বলা হয়, উন্নয়নশীল দেশের অধিকাংশ জনসংখ্যা, বিশেষ করে দরিদ্র জনগণ পর্যাপ্ত ক্ষমতা ও সুযোগের অভাবে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে পারেন না। এসব দেশের প্রায় ২২২ মিলিয়ন নারী নির্ভরযোগ্য ও মানসম্মত পরিবার পরিকল্পনার সুযোগ এবং এ-সংক্রান্ত তথ্য লাভ করা থেকে বঞ্চিত হন। এর ফলে তাঁরা অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকির মধ্যে পড়েন।প্রতিবেদনে আরও বলা হয়, পরিবার পরিকল্পনা অন্যান্য অধিকারের মতোই সর্বজনীন। দারিদ্র্য, সামাজিক দৃষ্টিভঙ্গি ও লিঙ্গবৈষম্যের কারণে পরিবার পরিকল্পনা কার্যক্রম বাধাগ্রস্ত হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এদেশীয় পরিচালক আর্থার এরকান এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করে ড. ওবায়দুল্লাহ রউফ বলেন, গত ৪০ বছরে বাংলাদেশে জনসংখ্যা প্রায় ছয় কোটি বৃদ্ধি পেয়েছে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা যায়, বাংলাদেশ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে আন্তরিক।