জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি জনপ্রিয়তা হারিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১০টি দম্পতির নয়টিই পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্পর্কে জানে। কিন্তু জন্মনিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি জনপ্রিয়তা হারিয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘দীর্ঘমেয়াদি বা স্থায়ী পদ্ধতি নিন, থাকুন ভাবনাহীন’ শীর্ষক প্রচারণামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান এনজেন্ডার হেলথের মায়ের হাসি প্রকল্প যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচিতে আলোচকেরা বলেন, ১৯৮৯ সালে ৩৬ শতাংশ দম্পতি দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি গ্রহণ করতেন। ২০০৭ সালে তা কমে ১৩ শতাংশে দাঁড়ায়। বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেন, দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি ছাড়া পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করা সম্ভব নয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা আছে, অনেক ক্ষেত্রে ধর্মেরও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘পরিবার পরিকল্পনা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। নতুন এই প্রচারণা কর্মসূচিটি ভালোই মনে হচ্ছে, এখন এটি কতটা কার্যকর হয় তা দেখার বিষয়।’ঢাকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, সাধারণ মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে মার্কিন প্রশাসন বিশ্বের তিনটি দেশে আগামী ছয় বছরে ৬৩ বিলিয়ন ইউএস ডলার ব্যয় করবে। বাংলাদেশ এই দেশগুলোর একটি। ইউএসএআইডি খুব ঘনিষ্ঠভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সঙ্গে রয়েছে। নতুন করে একটি কর্মপরিকল্পনা প্রণয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করছে। স্বাস্থ্যসচিব হুমায়ূন কবীর বলেন, সাম্প্রতিক সময়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের তৎপরতা খুব একটা দৃশ্যমান হচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। কিন্তু অনেক জায়গায় দুর্বলতা থেকে গেছে। নতুন এই কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় পথনাটক, লোকগান, ভিডিওচিত্র প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, সন্তুষ্ট গ্রহীতা ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রয়োজনীয়তা জনমানুষের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন মায়ের হাসি প্রকল্পের পরিচালক আবু জামিল ফয়সাল। অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, জাতিসংঘ জনসংখ্যা কর্মসূচির আবাসিক প্রতিনিধি আর্থার আরকিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন প্রমুখ।