জন্মের পরই পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কোলে ঠাঁই হয়নি, জন্মের পরই পরিত্যক্ত হয়েছিল তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে লুঙ্গিতে জড়ানো অবস্থায় সদ্যজাত দুই যমজ ভাইকে ফেলে রাখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের করিডরে।দুই নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ শিশু পরিচর্যা ইউনিটে (স্ক্যাবো) রাখা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিফাত আরা জানান, দুই নবজাতকের অবস্থা সংকটাপন্ন। এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে চতুর্থ শ্রেণীর কর্মী সরদার মো. আলম দেখতে পান, করিডরে লুঙ্গির পোঁটলার ভেতর কিছু একটা নড়চড়া করছে। কাছে গিয়ে তিনি লুঙ্গিতে প্যাঁচানো সদ্যজাত দুটি ছেলেশিশু দেখতে পান। এ সময় কর্তব্যরত আয়া ফাতেমা বেগম শিশু দুটিকে কোলে নিয়ে হাসপাতালের পরিচালকের দপ্তরে যান। পরিচালক দ্রুত দুই নবজাতককে ভর্তির ব্যবস্থা করেন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক বলেন, ‘এই হাসপাতালে ওদের জন্ম হয়নি। বাইরে জন্ম নেওয়া শিশু দুটিকে কেউ সুযোগ বুঝে হাসপাতালের করিডরে রেখে গেছে।’