জমি অধিগ্রহণে প্রতিবন্ধকতা রোধে সংসদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত উড়ালপথ নির্মাণে জমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রোধে একটি বিল গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল, ২০১১’ নামের এ বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।তিনটি সংশোধনীসহ বিলটি কণ্ঠভোটে পাস হয়। সরকারদলীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এসব সংশোধনী দেন।বিলে উল্লেখ করা হয়েছে, গতকাল পাস হলেও এই আইন চলতি বছরের ১২ মে থেকে কার্যকর হবে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে ভূমিমন্ত্রী বলেন, উড়ালসেতুর জন্য নির্বাচিত এলাকায় অবৈধ লাভের আশায় নতুন স্থাপনা নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। জনগণের কিছু অংশের মধ্যে এ ধরনের অসাধু চেষ্টা আইনের মাধ্যমে রোধ করা সম্ভব না হলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য বিপুল অর্থ ব্যয় হবে।ভূমিমন্ত্রী বলেন, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল অধ্যাদেশ-১৯৮২, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ বিধিমালা-১৯৮২ ও স্থাবর সম্পত্তি হুকুমদখল বিধিমালা-১৯৮২-তে এই প্রবণতা রোধ করার বিধান না থাকায় নতুন আইন পাস করা প্রয়োজন। ভূমি হুকুমদখলের জন্য বিশেষ ভূমি অধিগ্রহণ আইন প্রণয়ন আবশ্যক।বিলে বলা হয়েছে, অধিগ্রহণ করা ভূমির যে ভিডিওচিত্র গ্রহণ ও সংরক্ষণ করা হয়েছে, তা এই আইনের উদ্দেশ্য পূরণে গৃহীত বলে গণ্য হবে। এই ভিডিওচিত্রের ভিত্তিতেই ওই ভূমির ক্ষতিপূরণ পরিশোধের ব্যবস্থা করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ এপ্রিল প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথের কাজ উদ্বোধন করেন। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় এই উড়ালপথ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতালি ও থাইল্যান্ডের যৌথ মালিকানার কোম্পানি ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে ১৯ জানুয়ারি চুক্তি হয়। এই উড়ালপথের কাজ সাড়ে তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা।এই উড়ালপথ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে কুতুবখালী পর্যন্ত হবে। এর সঙ্গে পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি সংযোগ সড়ক থাকবে। এর একটি হবে মানিক মিয়া থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত, অন্যটি পলাশি থেকে মগবাজার পর্যন্ত।